স্মার্টফোনে স্বপ্নের বাস্তবতাকে ধারণ করলেন প্রধানমন্ত্রী
বয়সে সত্তর উর্দ্ধ। কিন্তু মানসিকতায় এখনো তিনি কৈশরেই আছেন। প্রজ্ঞায় নেতৃত্ব দিচ্ছেন ডিজিটাল বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। বয়সকে জয় করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যবহার করেন স্মার্টফোন। স্মার্টভাবেই ব্যবহার করেন স্পর্শ পর্দার এই ডিজিটাল ডিভাইস।
শুধু কথা বলা বা অফিসের কাজেই নয়; মোবাইলেও ছবি তুলেন তিনি। তার ছবিতোলার এমন একটি ভিডিও ধারণ করেছেন রাষ্ট্রীয় আলোকচিত্রী। এক মিনিট ১২ সেকেন্ডের সেই ভিডিওটি এখন ছড়িয়ে পড়ছে ডিজিটাল দুনিয়ায়। জানান দিচ্ছে, প্রধানমন্ত্রীর ডিজিটাল অনুরাগের বাস্তব প্রমাণ।
জানাগেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তিনি এ ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছবিতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নির্মিয়মান স্বপ্নের পদ্মা সেতুর দৃশ্যমান অংশের ছবি তুলছেন মোবাইল ক্যামেরায়। ডান হাতের তর্জনীর স্পর্শে স্বপ্ন-পূরণের অভিযাত্রাকে ধারণ করছেন নিজের স্মার্টফোনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ নেত্রী হলেও দিনশেষে তিনি একজন মানুষ। আনন্দ-হাসি-কান্না সবই ছুঁয়ে যায় তাঁকে। কিছুদিন আগে গণভবনের মাঠে তিনি নিজেই গণভবন পরিদর্শনে আসা শিশুদের সাথে খেলায় মেতে উঠেছিলেন।